প্রকাশিত: Thu, Dec 28, 2023 10:37 PM
আপডেট: Fri, Mar 13, 2026 7:47 PM

[১]ইন্দোনেশিয়ায় শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা [২]ঘটনার তীব্র নিন্দা ইউএনএইচআরসির

ইমরুল শাহেদ: [৩] পশ্চিমে বান্দা আচে শহরে এই ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের নাম লেখা শিক্ষার্থীরা  বুধবার কার্যত হামলা চালায় একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে। সেখানে একটি সরকারি হলে ১৩৭ জন রোহিঙ্গা শরণার্থীকে থাকার জায়গা দেয়া হয়েছিল। সূত্র: ডয়েচে ভেলে

[৪] শিক্ষার্থীরা সেখানে গিয়ে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ঢুকে পড়ে অভিবাসী শিবিরে। সেখান থেকে অভিবাসীদের একটি ট্রাকে তুলে অন্য এক জায়গায় পাঠানোর ব্যবস্থা করে তারা। হাতের কাছে যা আছে তা নিয়ে দুইটি ট্রাকে উঠতে বাধ্য হন অভিবাসীরা।

[৫] শিক্ষার্থীদের বক্তব্য, অভিবাসীদের একটি সরকারি দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে ওই অভিবাসীদের ডিপোর্ট করতে হবে সরকারকে। তাদের আর ইন্দোনেশিয়ায় থাকতে দেওয়া যাবে না।

[৬] গোটা ঘটনায় স্তম্ভিত মানবাধিকার কর্মীরা। এদিনের ঘটনার যে ভিডিও ফুটেজ মিলেছে, সেখানে দেখা যাচ্ছে, কাঁদতে কাঁদতে সহায়সম্বলহীন ভাবে ট্রাকে উঠছেন অভিবাসীরা। কেউ কেউ কাঁদছেন। কেউ প্রার্থনা করছেন।

[৭] ইন্দোনেশিয়ার প্রশাসন জানিয়েছে, ইন্টারনেটে ফেক নিউজ বা ভুয়া খবর ছড়িয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। ভুয়া খবর এমনভাবে ছড়ানো হয়েছে, যাতে শিক্ষার্থীদের একত্রিত করা যায়। ভুয়া খবরের উপরের ভিত্তি করেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা এই বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে। প্রশ্ন উঠছে, প্রশাসন আগেই কেন কোনো ব্যবস্থা নিল না!

[৮] গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন(ইউএনএইচআরসি)। তারা জানিয়েছে, অবিলম্বে ওই অভিবাসীদের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। সম্পাদনা: ইকবাল খান